শিশু গবেষণা, শিশু সাংবাদিকতা, ফটোগ্রাফি ও অ্যাডভোকেসি বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ), মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির সদস্যদের অংশগ্রহণে শিশু গবেষণা, শিশু সাংবাদিকতা, ফটোগ্রাফি ও অ্যাডভোকেসি বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকার সাভারের Hope Foundation Resort-এ Save the Children Bangladesh-এর প্রশিক্ষকদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে এসব বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এনসিটিএফ মেহেরপুর জেলা কমিটির শিশু গবেষক ফ্লোরা বালা। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সহযাত্রী শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে তিনি নিজ জেলায় ফিরে এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে ফ্লোরা বালার সহযোগী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির হোসেন, সভাপতি, এনসিটিএফ মেহেরপুর জেলা ও সদস্য, এনসিটিএফ কেন্দ্রীয় কমিটি।
এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিশুদের গবেষণাধর্মী চিন্তাভাবনা, সংবাদ সংগ্রহ ও উপস্থাপনের দক্ষতা, ফটোগ্রাফির মাধ্যমে ঘটনা ও বাস্তবতা তুলে ধরার সক্ষমতা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় কার্যকর অ্যাডভোকেসি পরিচালনার জ্ঞান বৃদ্ধি করা। একই সঙ্গে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব কার্যক্রমে প্রয়োগের মাধ্যমে জেলা কমিটির সদস্যদের আরও দক্ষ, সচেতন ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহযাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা শিশু নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং এনসিটিএফের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ।
জ্ঞান ভাগাভাগির মধ্য দিয়েই সক্ষমতার বিকাশ ঘটে, আর সেই সক্ষমতাই শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও অর্থবহ অংশগ্রহণের পথকে আরও সুদৃঢ় করে।
শারমিন আক্তার অধরা, মেহেরপুর
What Our Viewers Say
Be the first to share your thoughts.
